খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে লুট হওয়া ১২টি কোরবানির গরু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে
উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত তামিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ মে (শনিবার) রাতে চট্টগ্রাম মহানগরীতে কোরবানি উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে
নিয়ে যাওয়ার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় দুর্বৃত্তরা পিকআপভ্যানটি আটক করে গরু ১২ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গরুর মালিক রোববার (২৫ মে) দুপুরে থানায় অভিযোগ দাখিল করলে সীতাকুণ্ড থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লুট হওয়া ১২টি কোরবানির গরু উদ্ধার করে।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, গত রোববার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি ১২টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করা হয়।
এ সময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গরুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


