‘ভারতীয় আধিপত্য’ মন্তব্যে প্রতিক্রিয়া দিলো নয়াদিল্লি: দ্রুত নির্বাচনের আহ্বান

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ভারতীয় আধিপত্যবাদ’ মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

thai foods

বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অস্থিরতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি বাংলাদেশে অবিলম্বে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে আছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য প্রয়োজন।’ এছাড়া তিনি অভিযোগ করেন, দেশকে অস্থির করতে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ একসঙ্গে কাজ করছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘বাইরের কাউকে দোষারোপ করে সমস্যা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া যায়, কিন্তু সমাধান হয় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের, আর সেটা সরকারকেই নিতে হবে।’

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবসময়ই বলে আসছি, বাংলাদেশের উচিত একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, যাতে জনগণের মতামত প্রতিফলিত হয়।’

এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২১ মে সেনা কর্মকর্তাদের বলেন, ‘নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত।’ একইদিন বিএনপি রাজধানীর রাস্তায় প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বলেন, ‘জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে।’

খখ/মো মি

 

আগে“ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব”- তারেক রহমান
পরে১ জুন বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট