খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
আজ বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চকরিয়ার থানার ওসি তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম (৩৫), বোন সাদিয়া হক (২৪), শ্যালিকা ফারজানা লিজা (২২) এবং তার মা ও শাশুড়ি।
মা ও শাশুড়ির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন- চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর পাটোয়ারীর ছোট ভাই এনামুল হক পাটোয়ারী (৪৫), তার ছোট মেয়ে ও এক শ্যালক। গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে জানান, পরিবারের সবাই মিলে মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন। পথে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসের সঙ্গে মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিপরীত দিক থেকে আসা ‘মারসা পরিবহনের’ একটি দ্রুতগামী বাসের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করা হচ্ছে।
বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো মালুমঘাট হাইওয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে।
খখ/মো মি


