খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে মোনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলার ভূজপুর জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।
নিহত মোনা আক্তার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা বাগানের কচুটিলা গরুঘাটা সেকশন এলাকার চা শ্রমিক নাসির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, প্রায় চার মাস আগে নাসির উদ্দিনের সঙ্গে মোনা আক্তারের বিয়ে হয়। রোববার অসুস্থতার কথা বলে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
পরে জানা যায়, মোনার স্বামীর বাড়িতে তার মরদেহ পাওয়া যায় এবং গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট আলামত দেখা যায়। পুলিশে খবর দেওয়ার আগেই স্বজনরা তাকে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ভূজপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খখ/মো মি


