খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বন্দর টোল রোডের সামনে ট্যাংক লরির চাপায় মোটরসাইকেল আরোহী সামিন খান (২৪) নামে এক গার্মেন্টস শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আজ ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার সময় হালিশহর থানাধীন সাগর পাড় তালতলা পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ সংলগ্ন বন্দর টোল রোডে এ ঘটনা ঘটেছে।

সামিন খান (২৪) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ধন্দির বাজার বুরুমদি এলাকার ওসমান গণি খানের ছেলে।
জানা গেছে, সামিন খান (২৪) তার স্ত্রী হাফসা আক্তারকে সাথে নিয়ে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং জানু সওদাগরের দোকানের সামনে ভাড়া বাসায় বসবাস করতো। তারা স্বামী-স্ত্রী দুজনেই সিইপিজেডে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন ৯ এপ্রিল রাত ৯টার দিকে সামিন খান তার নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে হালিশহর থানার বন্দর টোল রোড দিয়ে যাওযার সময় বন্দরগামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে হালিশহর থানার এস আই মো. সবুজ আলম ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে সামিন খানের মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খখ/মো মি


