খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্কঃ হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে এক সপ্তাহের জন্য লকডাউন দেয়া হয়েছে। আজ শুক্রবার (২১ মে) থেকে এ লকডাউন শুরু হবে।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের এলকডাউন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) প্রতিনিধি শাহ রেজওয়ান হায়াত বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, হঠাৎ করে রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো। তাই শুক্রবার (২১ মে) থেকে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও খাবারের কার্যক্রম চলমান থাকবে।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ১২ জন মারা গেছেন।
এ পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা সৈয়দ উল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ক্যাম্পে করোনা আক্রান্তের খবরে বসবাসরত লোকজন ভয়ে আছে। ক্যাম্পে ঘিঞ্জি বসতি, গাদাগাদি চলাফেরা, স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকি অনেক বেড়ে গেছে।
খখ/মো মি


