খাসখবর জাতীয় ডেস্ক➤ অবশেষে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আত্মস্বীকৃত খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আজ রবিবার ( ৬ জুন) বিকালে মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
খেতাব বাতিলকৃতরা হচ্ছে লে: কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে: কর্নেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লে: এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয়
মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার ১১.৩ নং আলোচ্য সূচির সিদ্ধান্তের আলোকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের খেতাব বাতিল করলো।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান। খেতাব বাতিল হওয়ায় তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য আর কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।
গত ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছিলেন, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইনি প্রক্রিয়া সব শেষ হয়েছে। অচিরেই বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিল করে গেজেট প্রকাশ করা হবে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘৃণ্য এই ৪ খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক সেজন্য এ গেজেট বাতিল করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভায় এই ৪ খুনির খেতাব বাতিলের সুপারিশ করা হয়।
১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার খুনের বিচারের পথ খোলে। এরপর বিচার প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী ছয় খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পাঁচজন এখনও রয়েছেন পলাতক। তাদের মধ্যে নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিন খান রাষ্ট্রীয় খেতাবধারী।
খখ/মো মি


