খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ১১৯ জনের।এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ১১৯ জনের মধ্যে পুরুষ ৭৫ জন ও ৪৪ জন নারী।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ১৭২ জনে।
রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।
এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৮ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি নমুনা। যেখানে শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৬২৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।
একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৫৯ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭৫ জন ও মহিলা ৪৪ জন। যাদের মধ্যে বাসায় ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১১৯ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জন, ঢাকায় ২৪, রাজশাহীতে ২২, সিলেট ৫, রংপুরে ৯ জন করে, ময়মনসিংহে ৩ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২ হাজার ৩১৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯২৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭২ হাজার ৪৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ হাজার ৫৪৮ জন।
খখ/মো মি


