খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤মুসলমান থেকে হিন্দু হলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকার্নোর তৃতীয় কন্যা সুকমাবতী সুকার্নোপুত্রি।
মঙ্গলবার(২৬ অক্টোবর) ইন্দোনেশিয়ার বালিতে একটি ‘সুধি বদানি’ অনুষ্ঠানের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে সনাতনী হন সুকমাবতী। হিন্দু ধর্মে তার আগ্রহের পিছনে রয়েছেন দাদী ইদা আয়ু নিয়োমন রাই শ্রিম্বেন।
প্রথম মুসলিম নারী রাষ্ট্রপতি ছিলেন তারই বোন মেঘবতী সুকর্ণপুত্রি। বাবা ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও কিংবদন্তি নেতা আহমেদ সুকর্ণও ছিলেন মুসলিম। কিন্তু নিজের ৭০তম জন্মদিনে মঙ্গলবার(২৬ অক্টোবর) হিন্দু ধর্মে ধর্মানন্তরিত হলেন সুকর্ণর তৃতীয় কন্যা সুকমাবতী সুকর্ণপুত্রি।
সিএনএন ইন্দোনেশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হবার কথা ভাবছিলেন। তাছাড়া বালির মানুষের সাথে আত্মিক বন্ধন বেশি অনুভব করায় তিনি আরও উদ্বুদ্ধ হয়েছেন হিন্দু ধর্ম গ্রহণে। উল্লেখ্য, বালির সংখ্যাগরিষ্ঠই হিন্দু ধর্মাবলম্বী। সেখানে অবশ্য হিন্দু বা সনাতনী ধর্মকে ‘সুধি ওয়াদানি’ বলা হয়।
সুকমাবতীর বাবা ইন্দোনেশিয়া ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা। কানজেঙ্গ গুস্তি পানগেরান আদিপতি আর্য মাঙ্গকুনেগারার সঙ্গে বিয়ে হয়েছিল সুকমাবতীর। ১৯৮৪ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে।
সুকমাবতীর আইনজীবী জানান,হিন্দু ধর্মের বিষয়ে বিশাল জ্ঞান রয়েছে সুকার্নোর মেয়ে সুকমাবতীর। হিন্দু ধর্মের আচার সম্পর্কেও অনেক কিছু জানেন তিনি।
এর আগে ২০১৮ সালে একবার ইসলাম ধর্ম প্রসঙ্গে বিতর্কের জন্ম দেন সুকমাবতী। নিজের লেখা এক কবিতায় বলেছিলেন, বোরকা পড়ার চেয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খোঁপা অনেক ভালো। এরপর তার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ আনে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী।
ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা সেখানে। একটা সময় হিন্দুদের আধিক্যও ছিল। এখনও সরকারিভাবে দেশের ৬টি ধর্মের মধ্যে অন্যতম হিন্দু।

তথ্যসূত্র: সিএনএন, যমুনা টেলিভিশন
খখ/মো মি


