খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤কথাসাহিত্যিক আনিসুল হক বলেছেন, তারুণ্যের চোখে মুখে স্বাধীনতার স্বপ্ন ছিল বলেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তরুণরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, তাদের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
তিনি বলেন, তরুণদের মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করেছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত একুশে বইমেলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে একুশে বইমেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন বইমেলা কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
সভায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত। আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বডুয়া, সাংস্কৃতিক সংগঠক নজরুল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আকতার, সাংবাদিক শুকলাল দাশ, অধ্যাপক সামশুদ্দীন শিশির।
বইমেলা কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, এ ধরনের বইমেলা পাঠকদের শূন্যতা পূরণ করে তারুণদের মাঝে ঘটিয়েছে প্রাণের সঞ্চার। স্বপ্নবাজ তরুণদের চোখে মুখে সব স্বপ্নের সূচনা ধরা দিয়েছে আলোর ঝলকানি হয়ে। তারা তাদের জ্ঞানকে শাণিত করে মেধা ও উদ্ভাবনী শক্তির স্ফুরণ ঘটিয়ে নতুন আবিষ্কারের মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণ সাধন করছেন।
তিনি আরও বলেন, বইয়ের প্রতি এই তরুণ সমাজ আরো বেশি আগ্রহী হলে তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব নিতে সামর্থ হবে। এই তরুণেরা পারবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। এখন আমাদের দায়িত্ব তরুণ সমাজকে নেতৃত্ব নিতে তৈরি করা। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকায়ন বাংলাদেশ গড়ে তুলবে। তাই তরুণ সমাজকে দেশপ্রেমে জাগ্রত হতে হবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বইমেলায় আগত কিশোর-কিশোরী ও তরুণদের হাতে বই দিতে এবং বই পড়তে উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, সরকারি কমার্স কলেজ ও কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে লেখক আড্ডায় অংশ নেন খ্যাতিমান কথা সাহিত্যিক আনিসুল হক। আড্ডা সঞ্চালনায় ছিলেন ড. আদনান মান্নান।
খখ/মো মি


