খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদেহের ওপর ‘বিকৃত যৌনাচারের’ অভিযোগে লাশ কাটা ঘরের এক পাহারাদারকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মো. সেলিম নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে বলে সিআইডির বিশেষ সুপার শাহনেওয়াজ খালেদ জানিয়েছেন।
তিনি বলেন, “মৃত ব্যক্তির সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের আগে লাশ ঘরে রাখা মৃতদেহের সাথে সে যৌনাচার করত।
সিআইডি চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য গত বছর ৭ ফেব্রুয়ারি ৩২ বছর বয়সী এক নারী ও ২৫ এপ্রিল ১২ বছর বয়সী এক কিশোরীর ময়নাতদন্ত করা হয়।
সে সময় চিকিৎসকরা তাদের এইচভিএস (হাই ভ্যাজাইনাল সোয়াব) সংগ্রহ করে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেন। পরে ল্যাবের বিশেষজ্ঞরা পরীক্ষা করে লাশ দুটিতে পুরুষের বীর্যের উপস্থিতি পান।
পরে ডিএনএ প্রোফাইল করতে গিয়ে দেখা যায়, ওই দুই বীর্য একই ব্যক্তির। ঢাকার ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি থেকে তখন বিষয়টি অনুসন্ধান করতে বলা হয় চট্টগ্রাম কার্যালয়কে।
সিআইডির বিশেষ সুপার গণমাধ্যমকে বলেন, তদন্তে নেমে তারা মর্গের ডোম এবং লাশ কাটা ঘরে মৃতদেহ পাহারার দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে নিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করেন।
“তাদের মধ্যে লাশ ঘরের পাহারাদার সেলিমের সাথে গত বছর মারা যাওয়া ওই নারী ও কিশোরীর লাশে পাওয়া বীর্যের ডিএনএর মিল পাওয়া যায়।”
গ্রেপ্তার হওয়া সেলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ দেওয়া কোনো কর্মচারী নন।
এর আগে ২০২০ সালের ২০ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও এ ধরনের একটি ঘটনায় ডোমের সহযোগীকে গ্রেপ্তার করেছিল সিআইডি।
খখ/মো মি


