খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রামে ৫০০ অসহায় পরিবারকে ইফতারসহ উপহার সামগ্রী দিয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টায় নগরীর আগ্রাবাদে একসেস রোডের আবদুল্লাহ কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, দুঃসময়ে সমাজের অসহায়, অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনো সবার মানবিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিং সদস্যরা প্রয়োজনীয় উপহার সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে রয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট আরও লাঘব হবে।
কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এসব উপহার সামগ্রী প্রদানে সার্বিক সহযোগিতা দেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ছোলা, চিনি, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ ও আলু।
কমিউনিটি পুলিশিং মহানগরীর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শামসুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন, ভেগাস ফার্নিচারের স্বত্বাধিকারী সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ডবলমুরিং থানার ওসি মো. আবুল কাশেম ভূঁইয়া, হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী, পাহাড়তলী থানার ওসি মুস্তাফিজুর রহমান, বন্দর থানার ওসি মো. জাহেদুল কবির।
খখ/মো মি


