খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।
১. তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন।
২. তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
৩. বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।
৪. তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।
৫. বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন।
৬. সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।
১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করা মুস্তফা কামরুল আখতার বিসিএস’র (শিক্ষা) মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
১৯৯৩ সালের নভেম্বরে স্যার আশুতোষ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
এরপর ১৯৯৪ সালের আগস্ট মাসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে যোগ দেন। ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারি সিটি কলেজে যোগ দেন।
২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান মুস্তফা কামরুল আখতার। সেই থেকে তিনি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডকে মডেল শিক্ষাবোর্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। ওয়ানস্টপ সার্ভিস দেওয়ার মাধ্যমে শিক্ষাবোর্ডকে শিক্ষার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।
খখ/মো মি


