ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই র‌্যাব সদস্যসহ গুরুতর আহত তিনজন, দু’জন সিএমএইচে ভর্তি

মিরসরাইয়ের জোরারগঞ্জের বারইয়ারহাটে
thai foods

খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে ডাকাত সন্দেহে সাদা পোশাকে (সিভিল ড্রেস) থাকা দুই র‌্যাব সদস্যসহ তিনজনকে গণপিটুনিতে গুরুতর আহত করেছে স্থানীয়রা। আহত দুই র‌্যাব সদস্যকে প্রথমে হাসপাতালে, পরে সিএমএইচে ভর্তি করা হয়।

thai foods

গুরুতর আহত দুই র‌্যাব সদস্যকে
আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টার করে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে)। আহত অন্যজন র‌্যাবের সোর্স।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার সময় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌরবাজারের ফুটওভার ব্রিজের নিচে অভিযানের সময় এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয় র‌্যাব সদস্যদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪৫ -২০২৯)।

এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন। তিনি বলেন, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযানের সময় সিভিলে থাকা র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করি।

আহত র‌্যাব সদস্যরা হলেন- মো. শামীম কাউসার (২৯) ও মোখলেস (৩৩)। আহত পারভেজ (২৮) র‌্যাবের সোর্স।

এদিকে আহত র‌্যাব সদস্যদের বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া মো. শামীম কাউসার ও মোখলেসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে রাতে সিএমএইচ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে একটি ট্রাককে পেছনে থাকা র‌্যাব সদস্যদের বহনকারী প্রাইভেটককার দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি বারইয়ারহাট পৌরবাজারের ফুট ওভাব্রিজ বরাবর এসে থামানোর পর ড্রাইভার ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে।

পরে স্থানীয়রা প্রাইভেটকারটি ঘিরে সিভিলে থাকা র‌্যাব সদস্যদের ধরে গণপিটুনি দেয়। এসময় খবর পেয়ে তাদের উদ্ধার করতে ফেনী ক্যাম্প থেকে র‌্যাবের আরো কিছু সদস্য ঘটনাস্থলে আসে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে র‌্যাব সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

পরে জোরারগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা আহত সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত সাড়ে ৯টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজারে র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।

পরে র‌্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১ জন সেনাবাহিনীর সদস্য, ১ জন আনসার সদস্য বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, বারইয়ারহাটে অভিযান পরিচালনার সময় কিছু দুর্বৃত্ত র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে র‌্যাবের ৩ সদস্য গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ৯টার দিকে আহত মো. শামীম কাউসার ও মোখলেসকে ঢাকার সিএমএইচ হাসাপাতালে পাঠানো হয়। পারভেজকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব ৭ এর প্রধান লে. কর্নেল মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বলেন, “আমাদের সাদা পোশাকের একটি দল অভিযানে গেলে তাদের উপর সংঘবদ্ধ একটি চক্র হামলা চালিয়েছে। এতে দুজন সদস্য আহত হয়েছেন।“ ঘটনার পর র‌্যাব ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ রাত আনুমানিক ১৯৩০ ঘটিকার দিকে র‍্যাব-৭ এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকায় গমন করে। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে ডাকাত ডাকাত বলে চিৎকার করে র‍্যাব সদস্যদের আক্রমণ করে। দুষ্কৃতিকারীদের উক্ত আক্রমণে দুই জন র‍্যাব সদস্য আহত হয়।” আহত দুই র‍্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খখ/মো মি

আগেযুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৮ বছর বয়সী তরুণের গুলিতে ২১ জন নিহত!
পরেবার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ২৯ মে