খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে নৃশংসভাবে গলা কেটে খুনের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি তাদের দুইজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কেন, কারা এবং কি কারণে খুন করা হয়েছে তা জানতে পেরেছে। সেই ‘রহস্য’ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের জিল্লুর রহমান (২৬) ও ধলঘাট ইউনিয়নের বণিকপাড়া বাপ্পু ধর (২৮)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পটিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার গণমাধ্যমকে বলেন, বিমান ধরকে হত্যার রহস্য আমরা উন্মোচন করতে পেরেছি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ দুপুরে পটিয়া জুডিশিয়াল আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে খুনের রহস্য তুলে ধরা হবে।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর রাত সোয়া ১১টায় চট্টগ্রাম নগরীতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর (৪৩)। হত্যার ঘটনায় তার ছোট ভাই রিমান ধর বাদী হয়ে পটিয়া থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
খখ/মো মি


