চট্টগ্রামে গ্রেফতারের পর ‘অসুস্থ হয়ে’ দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

thai foods

পুলিশ জানায়, হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তি গ্রেফতারের পরপরই অসুস্থবোধ করতে থাকেন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মৃত সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ (৬৪) দুদকের অবসরপ্রাপ্ত উপপরিচালক। তার বাসা নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায়।

সিএমপির উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, একটা সিআর মামলায় শহীদুল্লাহ সাহেবের নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাত ১১টার দিকে ওনাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। যেহেতু, উনি একজন সম্মানি মানুষ, ওনাকে থানায় নিয়ে ওসির রুমে বসানো হয়। ওনার ছোট ভাইও সঙ্গে ছিলেন। ‘ওসির রুমে বসানোর ১০ মিনিট পর উনি অসুস্থবোধ করতে থাকেন। উনি হার্টের পেশেন্ট, বাইপাস সার্জারি হয়েছিল, রিং পরানো ছিল। বাসা থেকে ইনহেলার, স্প্রে নিয়ে যাওয়া হয়েছিল। ছোট ভাই নিজেই ওনাকে মুখে ইনহেলার স্প্রে করেন। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।’

এরপর ছোট ভাইয়ের চাহিদা অনুযায়ী পুলিশ শহীদুল্লাহকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

উপ পুলিশ কমিশনার মোখলেসুর রহমান আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘শহীদুল্লাহ সাহেবের জায়গা-জমি নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ ছিল। উনি নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেছিলেন। আমরা সেটা তদন্ত করে রিপোর্ট দিয়েছি। এরপর আদালতে দণ্ডবিধির ৩২৩, ৫০৬ ধারায় দায়ের হওয়া একটি মামলায় ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসে। সেটা কারা করেছে আমরা জানি না।’
‘আমরা শুধুমাত্র আদালতের নির্দেশে ওনাকে গ্রেফতার করে থানায় এনেছিলাম। আজ (বুধবার) ওনাকে আদালতে হাজির করা হতো। কিন্তু গ্রেফতারের পরপরই উনি অসুস্থ বোধ করায় আমরা দ্রুত হাসপাতালে পাঠাই, হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘থানায় ওনার পরিবারের সদস্যরাও ছিলেন। যা হয়েছে, ওনাদের সামনেই হয়েছে। এরপরও পরিবারের সদস্যরা কিছু অভিযোগ করেছেন, সেটা মারা যাওয়ার প্রেক্ষিতে ওনাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলে আমরা মনে করি।’ শহীদুল্লাহর মরদেহ ময়না তদন্তের জন্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খখ/মো মি

আগে“আমার স্বামী শফিক ও ভাশুর মোস্তাফিজ শ্বশুরকে একটা বস্তায় ভরছে”-পুত্রবধূ আনারকলি
পরেপাঁচলাইশে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার