চট্টগ্রামের দামপাড়ায় বাসে আগুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের রাতে চট্টগ্রাম নগরীতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিয়ের বরযাত্রী নিয়ে পটিয়া থেকে বাসটি নগরীতে এসেছিল।

thai foods

বাসটিতে কেউ আগুন লাগিয়েছে কি না সেটি তদন্ত করে দেখার কথা বলেছে পুলিশ। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, এটি সাধারণভাবে সংঘটিত কোনো অগ্নিকাণ্ড নয়।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর খুলশী থানার দামপাড়া গরীবুল্লাহ শাহ এলাকায়
কে স্কয়ার নামে একটি কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসটি রাত ৮টার দিকে কনভেনশন সেন্টারের সামনে পার্কিং করা হয়। রাত ১০টার দিকে লোকজন হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

ঘটনাস্থলে যাওয়া আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে এসে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এটি সাধারণ আগুনের ঘটনা বলে মনে হচ্ছে না।’

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পংকজ দত্ত গণমাধ্যমকে বলেন, ‘বাসে কীভাবে আগুন লেগেছে সেটি আমরা বলতে পারছি না। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

‘কে স্কয়ার’ কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে আসা সাইফুল ইসলাম বলেন, ‘পটিয়ার শান্তিরহাট থেকে মিনিবাসটি নিয়ে অনুষ্ঠানে এসেছিলাম। আগুনে বাসটি পুড়ে গেছে।’

ঘটনাস্থলে বাসের চালক-সহকারি কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী সেখানে এসে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে তিন দিনের সড়ক, রেল ও নৌ-পথে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

খখ/মো মি

আগে“অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ”-প্রধানমন্ত্রী
পরেঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের মহাসড়কে বিজিবি’র টহল