খাসখবর রাজনীতি ডেস্ক: দ্বিতীয় দফায় দুই দিন অবরোধ পালনের পর একদিন বিরতি দিয়ে ফের দুই দিনের জন্য সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) দলটি এই কর্মসূচিতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করবে।
সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি ও ১২ দলীয় জোটসহ বিএনপির সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী বুধবার এবং বৃহস্পতিবারও সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম সোমবার এক যুক্ত বিবৃবিতে বুধবার ও বৃহস্পতিবার অবরোধের ঘোষণা দেন।
বিবৃতিতে তারা বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করে প্রমাণ করেছে, তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।
এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল। সেদিন দিনভর দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে পিটিয়ে হত্যা, বাসে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ চেকপোস্টে আগুন ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরদিন গ্রেফতার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
শীর্ষ নেতাদের গ্রেফতার এবং নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল বিএনপি। পরে এই তিন দিনেও বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে গতকাল রোববার ও আজ সোমবার অবরোধ ঘোষণা করেছিল তারা। একদিনের বিরতি দিয়ে আবার দুদিনের অবরোধের ঘোষণা এলো।
খখ/মো মি


