চট্টগ্রামে প্রয়াত সাংসদ মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

thai foods

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তাঁর স্ত্রী সেলিনা খান। পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন।

মইন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আজ মঙ্গলবার তাঁর কবরস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে বাদলের স্ত্রী সেলিনা খান অভিযোগ করেন।

সেলিনা খান ফেসবুকে লিখেছেন, ‘কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। …এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’

ফেসবুকে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, কবরের ওপর আগুন জ্বলছে। এ ছাড়া ভাঙচুরের চিহ্ন রয়েছে কবর ও আশপাশে।

সেলিনা খান গণমাধ্যমকে বলেন, ‘একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। আমরা কেউ ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে।’

সেলিনা খান আরও বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বাদল কখনো কোনো দুর্নীতির সঙ্গে ছিলেন না। তাঁর কোনো বদনাম নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।’

এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, কিছু দুষ্কৃতকারী মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খখ/মো মি

আগেদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি
পরেচট্টগ্রামের মিরসরাই থানার নতুন ওসি আবদুল কাদের