খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ৩৪টি মামলার আসামি মো. সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে তাঁর আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরের দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
গ্রেপ্তাররা হলেন, শিহাব উদ্দীন, মো. রিয়াদ হোসেন ও মো. মীর হোসেন প্রকাশ লিংকন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বার্মা সাইফুল ও তাঁর সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁদের নিয়ে অবশিষ্ট স্বর্ণের বার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শিহাব উদ্দিনের হেফাজত থেকে লুণ্ঠনের ঘটনায় ব্যবহৃত একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইন, প্রতারণা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং মারামারি ও জখমসহ মোট ৩৪টি মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। তাঁর সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধেও প্রতারণা ও দস্যুতাসহ মোট ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার, ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাঁচলাইশ থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে পাঁচলাইশ মডেল থানার আরেকটি অভিযানে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ দুই সহযোগীকে গত ১৩ জানুয়ারি হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. মীর হোসেন ওরফে লিংকন (৩১)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি মামলা এবং মীর হোসেন ওরফে লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলা রয়েছে। তাঁদেরও যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


