খাসখবর জাতীয় ডেস্ক: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মোট ১১৮১ দিন দায়িত্ব পালন শেষে ২৪ জুলাই ২০২৬ তারিখে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল ৫টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহলে জোরালো হয়ে ওঠে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানান।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনকাল ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর বিরল নজিরও গড়েন তিনি।
খখ/মো মি


