খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার সদর মডেল থানা–পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ৩০ জনের মধ্যে ৬ জন চোর ও ছিনতাইকারী, ১৭ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন ধর্তব্য অপরাধে এবং একজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছয়জন চোর ও ছিনতাইকারীর মধ্যে রয়েছেন। তারা হলেন— আবদুল্লাহ (২২), আসিফ (২১), আকাশ চন্দ্র দাস (২৫), জাহিদ হাসান (২৫), রায়হান (২৪) ও সুমী ধর (৩০)। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তার ১৭ মাদকসেবীর মধ্যে কক্সবাজার সদর, টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৩২ বছরের মধ্যে।
এ ছাড়া অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় লিয়াকত আলী (৬২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পর্যটন নগরীর বিভিন্ন জায়গায়
বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খখ/মো মি


