খাসখবর খেলা ডেস্ক➤ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১ আগস্ট) রাতে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে সফর থেকে এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে রবিবার ১ আগস্ট অনুশীলনে ফিরেছে টাইগাররা। এদিন বাংলাদেশ দলের ১৬ সদস্য অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। শঙ্কা উড়িয়ে দিয়ে এই অলরাউন্ডারের নামও স্থান পেয়েছে ঘোষিত স্কোয়াডে।
ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে প্রবেশ করতে হবে। সে মারপ্যাঁচে অজিদের বিপক্ষে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে নেই তামিম ইকবাল।
পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ আগস্ট) । সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
১৭ সদস্যের বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, নাঈম শেখ, নুরুল হাসান সোহান(উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
খখ/মো মি


