খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় আতংক ছড়িয়ে পড়ে। ফাটল অংশের চান্দগাঁও আবাসিক এলাকা প্রান্তের একপাশে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। এর ফলে দুই পাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। আর এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার (২৫ অক্টোবর) রাত ১০টা থেকে
ফ্লাইওভারে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ।
এব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মইনুর রহমান বলেন, বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের একটি পিলারে ফাটলের খবর পাওয়ার সাথে সাথে ওই অংশে যানচলাচল বন্ধ করে দেই।
এরপর মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে যান চলাচল শুরু হলে ফ্লাইওভারের দুই পাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস গণমাধ্যমকে বলেন, আমরা মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে যোগ দিতে ঢাকায় এসেছি। ঘটনাস্থলে আমাদের লোকজন আছেন। পিলারগুলো পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, এমএ মান্নান ফ্লাইওভারের চান্দগাঁওমুখী র্যাম্পের যে পিলারে ফাটল দেখা দিয়েছে সেখানে মানুষের ভিড়। বিভিন্ন স্থান থেকেও অনেকেই দেখতে এসেছেন। এছাড়াও আরাকান সড়কমুখী র্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যার কারণে যানচলাচলে চাপ সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বেড়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিএমপির উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলী হোসেন বলেন, পিলারে ফাটল দেখা দেওয়ার পর এমএ মান্নান ফ্লাইওভারের র্যাম্প বন্ধ থাকায় ওই র্যাম্প দিয়ে মুরাদপুরমুখী ও আরাকান সড়কমুখী গাড়িগুলো ফ্লাইওভারে উঠতে পারছে না। তাই এ এলাকার সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ছে। জনগণের ভোগান্তি কমাতে আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি৷ যাতে যানজট নিরসন হয়।
খখ/মো মি


