খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশ অভিযানে চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ২ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার এসআই রাজিব পোদ্দার। তিনি বলেন, ‘টিম বাঁশখালী’ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়্যাইকং ইউনিয়নের লম্বাঘোনা মং চাইম্যার বাড়ীর ভাগ্য মং চাকমার ছেলে মং চাইমা চাকমা (৩৫) ও টেকনাফ থানার উত্তর রঙ্গির বিলের আব্দুল হামিদের বাড়ীর মৃত আহমদের ছেলে মোঃ হাছান (৩৫)।
পুলিশ জানায়, আজ ২৮ মে সকাল ১০টার সময় বাঁশখালী থানার এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপি প্রেমবাজার হতে অনুমান ৭’ শ গজ দক্ষিনে ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে মেসার্স জান্নান এগ্রো ফার্ম এর সামনে পাকা রাস্তার উপর হতে মং চাইমা চাকমা ও মোঃ হাছানকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


