খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জেলায় ১৬ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
সীতাকুণ্ড থানায় যোগদানের পর এনিয়ে তৃতীয় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। এর আগে
বাঁশাখালী থানায় ওসি থাকা অবস্থায় ১৩ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এই নিয়ে তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে ১৬ বার নির্বাচিত হলেন।
রবিবার (২ জুন) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ বিপিএম, পিপিএম এর হাত থেকে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম সম্মাননা স্মারক ও সার্টিফিকেট এবং ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ও মার্চ -২০২৪ দুই মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে ‘ক’ ক্যাটাগরিতে
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
নির্বাচিত করা হয় সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএমকে।
আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলায় তিনি সর্বমোট ১৬ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। সীতাকুণ্ডে আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নসহ অপরাধ দমনে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট পেয়েছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের। প্রত্যেক অর্জনই কাজের প্রেরণা জোগায়। অপরাধ রোধ করা পুলিশের কাজ। সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে, জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা সবসময় সচেতন। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার এ কাজ অব্যাহত থাকবে। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার প্রিয় সহকর্মী ও প্রিয় সীতাকুণ্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খখ/মো মি


