খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একইসঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। সোমবার (৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার এবং যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাই।’
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যাথু মিলার বলেন, ‘ঘোষণাপত্রে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ ছেড়েছেন। সতর্কতার সঙ্গে আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।’
এসময় তিনি আরও বলেন, ‘আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝড়েছে এবং আগামী দিনে আমরা শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মিলার বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং একইসঙ্গে বাংলাদেশের আইন অনুসারে যেকোনও পরিবর্তনের আহ্বান জানাই।’
এসময় গত সপ্তাহগুলোতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
খখ/মো মি


