চট্টগ্রামের পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া এলাকায় পুকুরে সাঁতার শেখাতে গিয়ে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

thai foods

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও একই বাড়ির বাহার উদ্দিনের ছেলে মোহাম্মদ আইরিয়ান (১৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

জানা গেছে, আইরিয়ানের পরিবার চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস করে। ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি আসেন তারা। দুপুরে চাচা-ভাতিজা পুকুরে গোসল করতে গেলে নাছির ভাতিজাকে সাঁতার শেখাতে চেষ্টা করেন। একপর্যায়ে আইরিয়ান পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন নাছির। কিন্তু দুজনই পানিতে ডুবে নিখোঁজ হন। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ নাছির চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ও তার ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজন মো. শহীদুল ইসলাম ইমন জানান, কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন আইরিয়ানের পরিবার। সোমবার দুপুরে আইরিয়ানের চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করে। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ। মেম্বার আবুল ফয়েজ জানান, গোসল করতে গিয়ে চাচা-ভাতিজা মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

খখ/মো মি

আগেকক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে
পরেচিত্রনায়িকা তানিন সুবহা আর নেই