খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লার মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমানকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় পদায়ন করা হয়।
একই সাথে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি জাহিদুর রহমান চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মুরাদনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মো. জাহিদুর রহমান দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের মতো সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে কুমিল্লার মুরাদনগর থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
কুমিল্লা জেলার মুরাদনগর থানায় যোগদানের পর ওসি জাহিদুর রহমান এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।
তৎকালীন কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লার মুরাদনগর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি জাহিদুর রহমান একাধিকবার পুরস্কৃত হন।
রাজবাড়ি জেলার কৃতি সন্তান হাটহাজারী মডেল থানার নতুন ওসি মো. জাহিদুর রহমান পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি মো. জাহিদুর রহমান হাটহাজারী মডেল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


