খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাহবুব আলম (৩৬) নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ আসামি কে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার (১১ জানুয়ারি) ভোর চারটার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর পুত্র।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. সোহেল প্রকাশ শাহজাহান (২৮), মো. আব্দুল মান্নান (৪২), মো. নাছির উদ্দিন প্রকাশ মিন্টু (৩৬), মো. জাহেদ (২৮) ও মো. সোহেল (২৮)। গ্রেপ্তার হওয়া আসামিরা সকলে হাটহাজারী পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের স্থায়ী ও বর্তমান বাসিন্দা।
পুলিশ জানায়, ভিকটিম মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক। পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনারদিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকার গিয়ে ভিকটিম মাহবুব আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায়, এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের বড় ভাই মো. রহিম বাদী হয়ে মামলা রুজু করেন। ঘটনার পর পরই আজ সোমবার ১২ জানুয়ারি হাটহাজারী থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে।
এদিকে মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মো. নাজমুল ইসলাম জানান, মাইক্রোবাস চালক মাহবুব আলম হত্যাকান্ডে জড়িত গ্রেফতার পাঁচজন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খখ/মো মি


