খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ ছুরিকাঘাত করে পালিয়ে বাঁচতে কক্সবাজারে লুকিয়ে ছিল সে।অবশেষে পুলিশের জালে ধরা পড়লো সাতকানিয়ার রকি হত্যার প্রধান আসামি মাঈনুদ্দীন।
চট্টগ্রামের সাতকানিয়ায় কাঠমিস্ত্রি আব্দুল গণি প্রকাশ রকি হত্যার প্রধান এ আসামিকে কক্সবাজারের সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আব্দুল গণি প্রকাশ রকি হত্যা মামলার প্রধান আসামির নাম মো. মাঈনুদ্দীন (২৫)। সে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা ৭ নম্বর ওয়ার্ডের বালার পাড়ার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল গণি।
৩০ জুন(বুধবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দোভাষী পাড়া এলাকার বসু মতির পুকুরের পশ্চিম পাশে রেল লাইনে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে বসে উভয় পক্ষ। খেলার সময় ঝগড়ার এক পর্যায়ে আব্দুল গণি রকিকে মাঈনুদ্দীন ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে ২৫ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকি মারা যান। ২৬ জুন রকির বাবা বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা করলে সোহেল ও শফিকুল নামে ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর সোহেল ও শফিকুল নামে ২ আসামিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য মতে আব্দুল গণি রকি হত্যার প্রধান আসামি মাঈনুদ্দীনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
খখ/মো মি


