খাসখবর শিক্ষাঙ্গণ সংবাদ : করোনাভাইরাসের কারণে গেল বছরে এক লম্বা ছুটি কাটানোর পর শিক্ষার্থীরা আশায় বুক বেঁধেছিল নতুন বছরে ২০২১ সালে ফিরে পাবে স্কুলের বারান্দার প্রাণ চাঞ্চল্যতা। মাতাবে কলেজ ক্যাম্পাস,দাপাবে মাঠ।
কিন্তু করোনা যেন কোনভাবেই হার মানতে নারাজ। দিন দিন সংক্রমণের মাত্রা আরো বৃদ্ধি করেই চলেছে। ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে আরো কয়েকদফা বাড়ানো হয়।
সর্বশেষ ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা। মহামারি করোনার মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমনের উর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেনীকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পর ২৩ মে শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
এদিকে বৃহস্পতিবারই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।
খখ/প্রিন্স


