খাসখবর রাজনীতি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক।
আজ শনিবার (২৭ মার্চ) সকালে নিজ সরকারি বাসভবনে তিনি এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাদের বলেন, ‘সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে।’
তিনি বলেন, বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে সেগুলোর জবাব দেবে জনগণ। অন্য এক প্রসঙ্গে কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন কেবল নির্বাচনই। তাই বিএনপিকে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।
বিএনপি ষড়যন্ত্র ও চোরাগলির রাজনীতি গত চার দশকের বেশি সময় ধরে চর্চা করে আসছে ও উত্তরাধিকার বহন করে চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
খখ/প্রিন্স


