খাসখবর জাতীয় ডেস্ক➤অবশেষে ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকে পড়া ২৮ নাবিক-ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ২৮ জীবিত নাবিককে উপকূলে বাংকারে সরিয়ে নেওয়া হলো।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টায় বিএসসির নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টার দিকে বাংলার সমৃদ্ধি থেকে ২৮ নাবিক ও নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহসহ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নাবিকদের জাহাজ থেকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে।
বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই জাহাজের নাবিক সালমান সামি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়ে যাওয়ায় ২৯ নাবিকসহ সেখানেই আটকা পড়ে জাহাজটি। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে তাদের ইতালিতে যাওয়ার কথা ছিল।
খখ/মো মি


