খাসখবর পার্বত্য চট্টগ্রাম : রাঙামাটিতে ফলবোঝাই ট্রাক খাদে পড়ে চালক সবুজ মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ সোমবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক সবুজ মিয়া রাঙামাটি শহরের আপার রাঙামাটি এলাকার আলী আকবরের ছেলে।
তাছাড়া এ ঘটনায় আহত রতন দাশ (৪৫) ও পিয়াস উদ্দিন (২৩) বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে একটি ট্রাক (চট্টমেট্রো-ন-২৪১৮) ফলবোঝাই করে রাঙামাটি শহরে আসছিল। পথিমধ্যে ট্রাকটি উল্টে সাপছড়ি পাহাড়ি খাদে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সবুজের। এতে হেলপারসহ আহত হন দুইজন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বললেন ওসি।
খখ/প্রিন্স


