রাষ্ট্রের ব্যয় সংকোচনে প্রত্যাহার হলো প্রভাবশালী ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাষ্ট্রের ব্যয় সংকোচনের লক্ষ্যে এবার ১৮ মন্ত্রীর পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে একজন উপদেষ্টা এবং ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর এই সুবিধা বহাল রাখা হয়েছে।

thai foods

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর নিজের নিরাপত্তা বহরে গাড়ি কমিয়ে দেন। এমনকি সড়কে চলাচলের সময় বাড়তি কোনো ট্রাফিক সুবিধা নেন না। সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যালে তাঁর গাড়িবহর থেমে যায়। ট্রাফিক পুলিশের সংকেত পাওয়ার পর আবার চলা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়ি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, ২০ জুলাই ১৮ মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে সরকারি নিয়ম অনুযায়ী গানম্যান, বাড়ির প্রহরী এবং ঢাকার বাইরে সফরকালে বিশেষ পুলিশ প্রটেকশন সুবিধা বহাল থাকবে।

একজন মন্ত্রীর নিরাপত্তা বহরে সাধারণত একজন এসআই এবং চারজন কনস্টেবলের একটি দল থাকে। মন্ত্রীর গাড়ির সঙ্গে পুলিশের একটি পিকআপ ভ্যানে থাকে এই দল। গাড়ির জ্বালানি খরচ ও তাদের বেতন-ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে দেওয়া হয়।

সূত্র জানায়, জ্বালানি সংকট মোকাবিলা, রাষ্ট্রের ব্যয় সংকোচ, পুলিশের জনবল ও যানবাহনের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারি সূত্র জানিয়েছে, চলতি সরকার ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর রাজধানীর ভেতরে যাতায়াতের সময় অধিকাংশ পূর্ণমন্ত্রীকে বিশেষ পুলিশ এসকর্ট দেওয়া হয়েছিল। বর্তমানে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর সংখ্যা ২৪ জন। যদিও বিশেষ এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তবুও প্রচলিত সরকারি বিধান অনুযায়ী মন্ত্রীরা ব্যক্তিগত গানম্যান, বাসভবনে নিরাপত্তারক্ষী এবং রাজধানীর বাইরে সরকারি সফরের সময় বিশেষ পুলিশি নিরাপত্তা পাবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরকে ভিআইপি নিরাপত্তা ব্যয় কমানোর নির্দেশ দেয়। একই সঙ্গে পুলিশ সদস্য ও অপারেশনাল যানবাহনের দীর্ঘদিনের সংকটও এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট দলে একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং একটি পুলিশ পিকআপ ভ্যান থাকে। এসব সদস্যের বেতন-ভাতা ও যানবাহনের জ্বালানি ব্যয় বহন করে সরকার। তবে প্রতিমন্ত্রীরা এই সুবিধা পান না।

যেসব মন্ত্রী ও উপদেষ্টার জন্য বিশেষ এসকর্ট বহাল রাখা হয়েছে তারা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, নারী ও শিশু বিষয়কমন্ত্রী ড. এজেডএম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে যাদের বিশেষ এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রীতা), শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ, পানিসম্পদমন্ত্রী মো. শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীতে ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অথচ প্রয়োজন ২ হাজার ৫৭৫ জন। ফলে প্রায় ৯০০ জন সদস্যের ঘাটতি রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জনবল সংকটের কারণে অনেক সদস্যকে দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে।

এ ছাড়া জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন পুলিশ স্টেশন ও স্থাপনায় হামলায় ভিআইপি নিরাপত্তা ইউনিটের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়। ফলে বর্তমানে একাধিক ভিআইপির নিরাপত্তায় একই যানবাহন ব্যবহার করতে হচ্ছে। সীমিত জনবল ও যানবাহন নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

খখ/মো মি

আগেবিএনপির সঙ্গে যে শর্তে সমঝোতা হলো রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের
পরেচট্টগ্রামে ১৭ মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম এসআই মোবিনুল ইসলাম