খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক➤ দিন দিন বেপরোয়া হয়ে ওঠছে টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তারা চাঁদাদাবি, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। একই অপরাধে টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলার শিকার হন তিন সহোদর।
তারা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৩০ জুন) ভোর রাত ৩টার দিকে টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি/৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকায় এ ঘটনাটি ঘটে।
কক্সবাজারের টেকনাফে ক্যাম্প সংলগ্ন নিজ বাড়িতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় স্থানীয় তিন সহোদর গুলিবিদ্ধ হন। আহতরা হলেন, টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি/৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ক্যাম্পে কর্মরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানান, পূর্ব শত্রুতার জের ধরে মৃত বশরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লা (৩০), নুরু (৩৫), আবু তাহের কালু স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসত বাড়ীতে অতর্কিত হামলা, মারধর ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন গুরুতর আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তাদের বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
খখ/মো মি


