খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লার তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় পদায়ন করা হয়।
একই সাথে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলামকে কক্সবাজার জেলার টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো. খালেদ সাইফুল্লাহ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছর (২০২৪ সাল) কুমিল্লা জেলার তিতাস থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মো. খালেদ সাইফুল্লাহ দায়িত্বভার গ্রহণ করেন। একটানা প্রায় ১ বছর মতো সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে কুমিল্লার তিতাস থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
কুমিল্লা জেলার তিতাস থানায় যোগদানের পর ওসি মো. খালেদ সাইফুল্লাহ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।
তৎকালীন কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লার তিতাস থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. খালেদ সাইফুল্লাহ একাধিকবার পুরস্কৃত হন।
ঢাকা জেলার কৃতি সন্তান বাঁশখালী থানার নতুন ওসি মো. খালেদ সাইফুল্লাহ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা, চট্টগ্রাম জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি মো. খালেদ সাইফুল্লাহ বাঁশখালী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


